সংগৃহীত ছবি
চলমান ICC Men's T20 World Cup-এর সুপার এইট পর্বে England-এর কাছে হেরে Pakistan-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে। তবে শেষ চারের দৌড় থেকে তারা এখনো পুরোপুরি ছিটকে যায়নি।
মঙ্গলবার ২ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার এইটের এই গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তৃতীয় স্থানে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা New Zealand ১ পয়েন্ট নিয়েই নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে। আর প্রথম ম্যাচে হেরে Sri Lanka রয়েছে পয়েন্টশূন্য অবস্থায়।
গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। ইংল্যান্ডের কাছে হারের ফলে পাকিস্তানের ভাগ্য এখন আর পুরোপুরি তাদের নিজেদের হাতে নেই। অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে তাদের ভবিষ্যৎ। সামনে রয়েছে কয়েকটি সম্ভাব্য সমীকরণ।
যদি নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচে (শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে) হেরে যায় এবং পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমিফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে ইংল্যান্ড, ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে পাকিস্তান। শ্রীলঙ্কা পাবে ২ পয়েন্ট এবং নিউজিল্যান্ড থাকবে ১ পয়েন্টে।
যদি নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচের একটি জিতে ফেলে, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। তখন সমান ৩ পয়েন্ট হলেও উন্নত নেট রান রেটের কারণে পাকিস্তান শেষ চারে জায়গা করে নিতে পারে।
বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১ এবং শ্রীলঙ্কার -২.৫৫০। নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই জিতে যায়, তাহলে তারা সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াবে।
অন্যদিকে, নিউজিল্যান্ড যদি দুই ম্যাচেই হারে এবং পাকিস্তানও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা।
সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে এবং শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আর শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন সমীকরণ মিলে যায়।