সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরপর যতই সময় গেছে খুনাখুনি, মব সৃষ্টি, গুলি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের মতো ঘটনা আলোচনায় আসছে। চাঁদাবাজদের অস্ত্রের মহড়া নিয়মিত ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার ঘটনাসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনা প্রভাব ফেলছে জনমনে। এমনকি এসব থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পাচ্ছেন না। আইন প্রয়োগ করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন। অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে দেখা গেছে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও। পান থেকে চুন খসলেই থানা ঘেরাও করে পুলিশকে দাবি মানতে বাধ্য করা হচ্ছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে কঠোর হচ্ছে সরকার। এরই মধ্যে পুলিশের শীর্ষ পদগুলোতে রদবদলের পালা শুরু হয়েছে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার পরই মাদক, মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী বড়সড় অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। রদবদলে যে যে কাজে যোগ্য এবং দক্ষ তাকে সে অনুযায়ী পদায়ন করতে হবে। না হলে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার ইফতারের পর চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় ডিবি পুলিশসহ সাতজন। রবিবার রাজধানীর পান্থপথ এলাকায় দুষ্কৃতকারীর হামলায় শফিকুর রহমান (৫৫) নামে বিএনপির সাবেক নেতা ও জুতা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন মারধরের শিকার হন। একই দিন রাতে রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। রবিবার রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। সোমবার ভোরে পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। বুধবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের নবনির্বাচিত এমপি, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করা হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। স্থানীয় বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন হান্নান মাসউদের সমর্থকরা।
শুধু এ ঘটনাগুলোই নয়, কথায় কথায় থানা ঘেরাও করার মতো ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর লাশ পাওয়ার ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। এ ঘটনায় তারা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও সড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মারা গেছে শিশুটি। তবে তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। এর পরও জনতার চাপে হত্যা মামলা নিতে বাধ্য হয় থানা পুলিশ। এ ছাড়া গত কয়েক দিনে রাজধানীতে আরও দুটি থানা ঘেরাও করার ঘটনা ঘটেছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক, অপরাধ বিশেষজ্ঞ ড. ওমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে ঢালাওভাবে জামিনে বের হওয়া বিভিন্ন অপরাধী ও জেলপলাতক আসামিদের আইনের আওতায় আনার এবং মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন করার বিষয় অন্যতম। এ ছাড়া আগামীতে জঙ্গিবাদ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ সবকিছু তখনই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যাবে। যেহেতু বাহিনীগুলো এখন ঢেলে সাজানো হচ্ছে, এ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিবেচনায় না নিয়ে যে যে কাজে পারদর্শী, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাকে সেই পদে কাজ করার সুযোগ দিতে হবে। এ ছাড়া পুলিশ বাহিনীকে নতুন উদ্যমে কাজ করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলায় পুরোনো কিছু সমস্যা রয়ে গেছে। এর মধ্যে মব কালচার অন্যতম। এর বাইরে রাজনৈতিক সহিংসতাসহ কিছু ঘটনা ঘটছে। তবে নতুন আইজিপির নির্দেশা অনুযায়ী মাদক, মব ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুতই অভিযানে নামা হবে। এ ছাড়া নবনিযুক্ত আইজিপি রমজানে যানজট নিরসনে কাজ করার নির্দেশনা দিয়েছেন; সে অনুযায়ী মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব কালচারের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে।’ এদিকে নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসের ফকির গণমাধ্যমকে জানান, কিছু ডেসপারেট সিদ্ধান্ত না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে এলাকাভিত্তিক কমিটি গঠন করা হবে। মাদক এবং সন্ত্রাস দমনে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে।’