সংগৃহীত ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকামুখী একটি গাংচিল পরিবহনের যাত্রীবাহী গাড়ির পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এতে তিনজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।