সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলির হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলির হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি সামরিক বিমান উড়তে দেখা যাচ্ছে।
লেবাননের আল-মায়েদিন চ্যানেল নিশ্চিত করেছে যে, ইসরায়েলি যুদ্ধবিমান ইকলিম আল-তুফাহর উচ্চভূমি লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়েছে।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল লেবাননে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় ১৭ হাজারের মানুষ আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা।