ফাইল ছবি
পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের আকাশে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল।
শনিবার সকালে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার পর ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
একই সঙ্গে জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সেই সঙ্গে ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠিয়েছে। তাদেরকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে।
আইডিএফ ওই সতর্ক বার্তায় জানায়, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।”
উল্লেখ্য, শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী।
হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই তথ্য জানিয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্র: আল-জাজিরা