সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুইজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুইজনকে সন্দেহ করে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়।
ঘটনার পর অভিযুক্ত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার মেনহাজুল আলম,বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।