জাতীয় পাট দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান। এ সময় বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাটচাষি অলিয়ার রহমান এবং সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলো চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং পাটপণ্যের প্রতি মানুষের আগ্রহও বৃদ্ধি পাবে।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।