কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি (সংগৃহীত)
কাতারের রাজধানী দোহায় ভোরের দিকে আবারও বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে আসা ড্রোন প্রতিরোধ করার সময় এই শব্দ শোনা যায় এবং লক্ষ্য ছিল আল উদেইদ বিমান ঘাঁটি।
দোহা থেকে প্রতিবেদক জেইন বাসরভি জানান, স্থানীয় সময় ভোর প্রায় চারটার দিকে বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড্রোনগুলো প্রতিরোধ করা হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল আল উদেইদ বিমান ঘাঁটি।
সংঘাতের পঞ্চম দিনে এই ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও জানা গেছে। এর মধ্যে একটি ঘাঁটিতে আঘাত হানে এবং আরেকটি মাঝপথে ধ্বংস করা হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে কাতারের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, শুধু দোহা নয় পুরো জিসিসি অঞ্চলেই ইরান মার্কিন সামরিক ঘাঁটি এবং তুলনামূলক সহজ লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছে।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একবার লক্ষ্যভেদ করতে না পারলে তারা আবারও হামলার চেষ্টা চালাচ্ছে। তাই আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে কাতারের দিকে এ ধরনের হামলার চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা