রিচার্ড ইলিংওয়ার্থ।
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেন নিয়মিত হয়ে যাচ্ছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। আরও একটি বিশ্বকাপ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার সঙ্গী থাকবেন আরেক ইংলিশ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ।
আহমেদাবাদে রবিবার (৮ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শুক্রবার ওই ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দুই দক্ষিণ আফ্রিকান-আলাহুদিন পালেকার ও আড্রিয়ান হোল্ডস্টক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ। দুই বছর আগের ওই ম্যাচে তার সঙ্গী ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও মূল আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ৬২ বছর বয়সী ইলিংওয়ার্থ। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও মাঠে দেখা গেছে তাকে আম্পায়ারের দায়িত্বে। দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ওয়ার্ফ প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করবেন। গত বছর আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়া ওয়ার্ফ ২০২২ উইমেন’স বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।
কলকাতায় গত বুধবার অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ। এই দুই ইংলিশ আম্পায়ারকে ফাইনালের দায়িত্বও দিল আইসিসি। ওয়ার্ফের মতো পালেকারও ২০২৫ সালের মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। এবারের বিশ্বকাপে ছয়টি ম্যাচে মূল আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি।