সংগৃহীত ছবি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় আলুবোঝাই ট্রাক খাদে পড়ে সজিব শেখ (২৫) নামের চালকের সহকারী নিহত হয়েছে।
আজ রবিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার কামালদিয়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব নাটোর জেলার বসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মুসল্লীরা। ভোর ৬টার কিছুক্ষণ আগে কামালদিয়া ব্রিজের নিকট বিকট শব্দ শুনতে পান তারা। কামালদিয়া ব্রিজের নিচে এসে দেখতে পান আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে রয়েছে। আলুর নিচে এক ব্যক্তি চাপা পড়ে আছেন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।