সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের এক মাস পূর্ণ হলো আজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা, তা এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই এক মাসে হাজারো প্রাণ ঝরেছে, অসংখ্য মানুষ হয়েছেন গৃহহীন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন শহর।
শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ যুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তিনি জানান, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে গিয়ে অনেক চিকিৎসাকর্মী নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ খুঁজে পেয়েছেন।
কোথায় কত প্রাণহানি
ইরান : ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৯০০ মানুষ। এই সময়ে আহতের সংখ্যা ২০ হাজারের বেশি।
লেবানন : লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৪২ জন। আহত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন। নিহতদের মধ্যে ১২২ শিশু ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
ইরাক : ইরাকের সরকারি তথ্যমতে, ইরাকে এ পর্যন্ত অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন।
ইসরায়েল : ইসরায়েলে নিহত হয়েছেন ১৯ জন বেসামরিক নাগরিক। পাশাপাশি দক্ষিণ লেবাননে ৪ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
পশ্চিম তীর : পশ্চিম তীরে পৃথক ঘটনায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন-এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা রয়েছে।
যুক্তরাষ্ট্র : মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারির থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
উপসাগরীয় অঞ্চল : পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিবাসী শ্রমিক।
সূত্র : সিএনএন, আলজাজিরা