সংগৃহীত ছবি
মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেন মাওলানা মামুনুল হক। গতকাল সোমবার তিনি সেখানে যান ও বাংলাদেশ স্টল পরিদর্শন করেন।
‘সংস্কৃতি ও জনপদ উৎসব’ শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন।
ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মামুনুল হক বলেন, এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন।