সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় সড়কে বেড়া দিয়ে চারটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।প্রতিবেশী হযরত আলী নামের এক ব্যক্তি সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে সড়কে বেড়ে দেন।
এতে চরম ভোগান্তি পড়েছেন চারটি পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে সড়কের দুই তৃতীয়াংশ মাটি কেটে পুকুর তৈরি করেন হযরত আলী। চলাচলের রাস্তা বন্ধ থাকায় চারটি পরিবারের সদস্যরা কবরস্থানের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। গতকাল সকালে অপর প্রতিবেশী সামসুল হক সিকদার সেটিও বন্ধ করে দেয়। এতে গৃহবন্দী হয়ে পড়ে গ্রামের চারটি পরিবার সদস্যরা।
ভুক্তভোগীরা জানান, এখন ঘরের ভেতরে থাকতে হচ্ছে। সড়ক বন্ধ করার কারণে কোথাও যেতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। কিছুদিন কবরস্থানের পাশ দিয়ে চলাচল করছিলাম। এখন সেটিও বন্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
ভুক্তভোগী আবদুল খালেক মুসুল্লী বলেন, এখন রাস্তায় ওঠার মতো আমাদের আর কোনো পথ নেই। আমরা গৃহবন্দী হয়ে পড়েছি।
এ বিষয়ে জানতে হযরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, সড়কে ভেড়া জায়গাটি তার রেকর্ডভুক্ত সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেড়া দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ঘটনাস্থলে একজন তশীলদেরকে পাঠানো হয়েছে। তার কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।