সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া একটি সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করেছে। ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
সরজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ইসমাইল ও তার সহযোগীরা সাহাপুর এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত শাহজালালের পক্ষে জমিটি দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই জমির প্রকৃত মালিকানা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় যুবসমাজ জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। হঠাৎ করে জমিটি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি দেখিয়ে দখলের চেষ্টা চালানো হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানান, এটি আমাদের একমাত্র খেলার মাঠ। হঠাৎ করে কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল করতে চাইছে, যা আমরা মেনে নেব না।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তদন্ত করা না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল মেম্বার ও জমি ক্রেতা শাহজালাল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে কেউ ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করতে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভূমি উপ-সহকারীকে ঘটনাস্থলে পাঠাবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।