প্রিয়ানশ আরিয়া। সংগৃহীত ছবি
আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়ানশ আরিয়া। ৩৭ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৯টি ছক্কা, আর চলতি মৌসুমে মাত্র ৫ ম্যাচেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ২০-তে। অনায়াসে বড় শট খেলার দক্ষতা দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। তবে বিস্ময়ের বিষয় হলো, নিজের ভাষ্য অনুযায়ী তিনি ছক্কা মারার আলাদা কোনো বিশেষ অনুশীলন করেন না।
গত আইপিএল মৌসুমেই অভিষেকে আলোচনায় আসেন প্রিয়ানশ। ১৭ ইনিংসে ৪৭৫ রান করার পথে তিনি মেরেছিলেন ২৫টি ছক্কা, গড় স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮০। চলতি মৌসুমে মাত্র পাঁচ ম্যাচেই ছক্কার ঝড় তুলেছেন তিনি, যা গত মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০ বলে ৫৭ রানের ইনিংসে ৫টি ছক্কা হাঁকান তিনি। এর আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১১ বলে ৩৯ রানের ক্যামিওতে ছিল ৪টি ছক্কা। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে ৯টি ছক্কা মেরে তিনি নিজের আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন।
এর আগেও টি-টোয়েন্টি ফরম্যাটে ছক্কার ঝড় তুলেছেন প্রিয়ানশ। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লির হয়ে উত্তর প্রদেশের বিপক্ষে ৪৩ বলে ১০২ রানের ইনিংসে তিনি মেরেছিলেন ১০টি ছক্কা। গত আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে ৪২ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ৯টি ছক্কা।
ম্যাচ শেষে ছক্কা নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রিয়ানশ বলেন, ছক্কা মারার জন্য আলাদা কোনো অনুশীলন তিনি করেন না। তার মতে, 'আমি চেষ্টা করি যতটা সম্ভব বলে ভালো টাইমিং করতে, এটাই আমার ব্যাটিংয়ে সাহায্য করে।'
তিনি আরও জানান, আক্রমণাত্মক ব্যাটিংই তার খেলার স্বাভাবিক ধরন, যার কারণে অনেক সময় দ্রুত আউট হয়ে যান। তবে লখনউয়ের বিপক্ষে ১৫তম ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারায় তিনি সন্তুষ্ট।
দ্বিতীয় উইকেটে কুপার কনোলির সঙ্গে ১৮২ রানের জুটি গড়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রিয়ানশ। কনোলির ৪৬ বলে ৮৭ রানের ইনিংসের সঙ্গে তার ব্যাটিং দলকে শক্ত ভিত গড়ে দেয়।
নিজের মাঠের বাইরের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বেশি কথা বলি না। বেশি কথা বললে অনেক চিন্তা মাথায় আসে। তাই আমি শান্ত থেকে খেলতে পছন্দ করি।'